অন্যান্য বছরের তুলনায় এই বছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ কেউই এই রোগ থেকে রক্ষা পাচ্ছে না। চলতি মাসে এখন পর্যন্ত ৬০০ জনের অধিক লোক ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। মৃত্যুঝুঁকি আছে বলেই সকলের মাঝে এই নিয়ে আতঙ্ক বিরাজ করছে। মূলত, ভাইরাস বাহিত অ্যাডিস ইজিপ্টাই নামের মশার কামড়ে ডেঙ্গু হয়। তাই এই রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন সচেতনতা। যেহেতু এটি মশাবাহিত একটি রোগ, সেজন্য আমাদের সকলকে মশার বংশ বৃদ্ধি রোধ, নিধন ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে বাসাবাড়ির আঙিনা, ফুলের টব, বারান্দা, বাথরুম, ফ্রিজের নিচে ও এসির নিচে জমানো পানি নিয়মিত পরিষ্কার করতে হবে, যাতে মশা বংশ বৃদ্ধি করতে না পারে। এছাড়াও মশা মারার ওষুধ দিয়েও মশা নিধন করতে হবে। ডেঙ্গু থেকে বাঁচার জন্য সকলের সচেতনতার পাশাপাশি মশা নিধনে নিয়মিত ওষুধ প্রয়োগ, বিনামূল্যে চিকিত্সাসেবা নিশ্চিত করতে সরকারের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি।
মঞ্জুর মোর্শেদ রুমন
১৪৫ আরামবাগ, মতিঝিল, ঢাকা ১০০০
