ড্রয়ে শুরু মোহামেডানের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩২

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ফুটবল মাঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারছেই না। ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্ব হতে বিদায় নেওয়া মোহামেডান এবার স্বাধীনতা কাপ ফুটবলে ড্র দিয়ে শুরু করল। গতকাল রাতে দলটিকে গোলশূন্য ড্রয়ে বাধ্য করল রহমতগঞ্জ। অপরদিকে একই গ্রুপের খেলায় চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চাপে রাখল মোহামেডানকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে মোহামেডান শেষ দিকে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ওই সময়ে তারা ভালো আক্রমণ করেছিল। গোলের সম্ভাবনাও ছিল। গাম্বিয়ান ফুটবলার ল্যান্ডিং ডারবো পরপর তিনবার সেটপিসে চেষ্টা করেও গোল করতে পারেননি। প্রতিবারই তার শট রহমতগঞ্জের গোলকিপার তিতুমীর চৌধুরী ফিরিয়ে দিয়েছেন দক্ষতার সঙ্গে।

এই ড্রয়ে মোহামেডান চাপে পড়ল। কারণ ‘বি’ গ্রুপে চার দলের মধ্যে চট্টগ্রাম আবাহনী প্রথম জিতে সুবিধাজনক স্থানে চলে যাচ্ছে। দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এখন মোহামেডান অনিশ্চয়তার মধ্যে থেকে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে খেলবে।

মোহামেডানের ইংলিশ কোচ ক্রিস্টোফার কলিনস জন ইভান্স চলে গেছেন। বলা হচ্ছে বড় দিনের ছুটিতে গেছেন। সমর্থকদের প্রশ্ন কেউ একমাস  আগে থেকে  বড় দিনের ছুটি পালন করতে চলে যান কিনা। তবে গুঞ্জন রয়েছে কলিনস আর ফিরবেন না।

সাদা কালো জার্সিধারীরা যাদের নিয়ে দল গড়েছে তাদের পক্ষে ফুটবল মাঠে যুদ্ধ করাটা কঠিন। সাইড বেঞ্চে বসে থাকা তকলিস আহমেদ, মেজবাবুল মানিক, খোকন মিয়া, মিন্টু শেখ, লিংকন, ইউসুফ সিফাত, মিঠুন চৌধুরী, জাহিদ হোসান এমিলি, হাবিবুর রহমান সোহাগ, অনিকদের নিয়ে মোহামেডানের শক্তি।

এদের বাইরে বিদেশি ফুটবলার বলতে রক্ষণে নাইজেরিয়ান অরিয়াকু চিতাচি, মাঝমাঠে গাম্বিয়ান ল্যান্ডিং ডারবো এবং স্ট্রাইকিং পজিশনে এনকোচা কিংসলে চিগোজি। এই তিন জনের সঙ্গে খানিকটা ভরসা জাপানি উরিউ নাগাতা। এই চার বিদেশির শক্তি দিয়ে ফুটবল মাঠে ১১ জনের বিপক্ষে লড়াই করে ম্যাচ জেতা কঠিন।

তারপরও চেষ্টার কমতি নেই। কিন্তু মাঝে মাঝে গোলের সুযোগ পেয়ে যাওয়া ভাগ্য যেন মোহামেডানকে ধরা দিচ্ছে না। তাই হয়ত খেলা শেষে মোহামেডান খেলোয়াড় কর্মকর্তাদের আফসোস ‘ভাগ্য খারাপ’।

চট্টগ্রাম আবাহনীর সূচনা

চট্টগ্রাম আবাহনী কাল বিকালে ৩-০ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলে সুন্দর সূচনা করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম এই খেলায় চট্টগ্রাম আবাহনীর প্রথম গোলটি ছিল দর্শনীয়। স্টেডিয়ামে হাজির থাকা মুষ্টিমেয় দর্শকরা এর তারিফ করেছেন। ১৯ মিনিটে গাম্বিয়ান ফুটবলার মামোদো বা দর্শনীয় গোল করেন। বক্সের উপরে বল পেয়ে সেটিকে বাইসাইকেল কিকে গোল করেছেন। ৫৪ মিনিটে আরেক নাইজেরিয়ান মুফতা লাওয়াল গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ২-০। মামোদো ৬২ মিনিটে আবারো গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

রহমতগঞ্জের বিপক্ষে টুর্নামেন্টের বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয় খেলা বৃহস্পতিবার, বিকাল তিনটায়।

আজকের খেলা ঃ

বিজেএমসি ও আরামবাগ। (৫টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।