বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা খুবই শান্তিপূর্ণ। তিনি বাংলাদেশে আসার পর দেশের আট বিভাগ ঘুরে সৌহার্দ্যপূর্ণ অবস্থা দেখতে পেয়েছেন। বরিশালের সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে। তিন দিনের বরিশাল সফরের তৃতীয় ও শেষ দিন গতকাল বৃহস্পতিবার নগরীর ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় তিনি আরো বলেন, দেশটির যাত্রা শুরু হয়েছে মাত্র ৪৭ বছর আগে। অতিশিগগির দেশটি স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে। আমেরিকার একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন বেশ উপভোগ করছেন বলেও তিনি জানান।
গতকাল দুপুর ২টার দিকে নগরীর ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি চার্চে প্রার্থনায় অংশ নেন এবং ফাদারসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া সেখানে অবস্থানরত ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিক লুসি হল্টের সঙ্গেও সাক্ষাত্ করেন। পরে অক্সফোর্ড মিশন বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় সেখানকার শিক্ষার্থীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এর আগে রাষ্ট্রদূত ব?রিশা?লের ঐতিহ্যবা?হী শ্রীশ্রী শংকর মঠ প?রিদর্শন করেন।
সকাল ৯টায় মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেন। পুলিশের নিশ্ছিদ্র প্রহরায় রাষ্ট্রদূত নৌকায় চড়ে ভীমরুলি গ্রামের খালে নৌ-ভ্রমণ করেন। পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাধারণ পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। রাষ্ট্রদূত আল রবার্ট মিলার সাংবাদিকদের সঙ্গেও সংক্ষিপ্ত কথা বলেন। এ সময় তিনি উচ্ছ্বসিতভাবে ভাসমান হাটের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, প্রকৃতি ও সাধারণ মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।
