টঙ্গীতে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:০৯

ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে কাজী হান্নান (৪৫) নামের এক মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার গভীর রাতে গাজীপুরের টঙ্গীর জামাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক শুভ মন্ডল নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দোকানের সিলিং-এর সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত হান্নান মাদারীপুর জেলার শিবচর থানার কিনাই কাজীর ছেলে। নিহতের পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, ব্যবসার জন্য বিভিন্ন এনজিও ও ব্যক্তিদের কাছ থেকে চড়া সুদে প্রায় চল্লিশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন হান্নান।

ঋণের কারণে তার সংসারে অভাব দেখা দেয়। বৃহস্পতিবার সকালে ছিল সাপ্তাহিক ঋণের টাকার কিস্তি পরিশোধ করার সময়। অভাবের কথা শুনে এনজিওর মাঠকর্মী ও আশপাশের পাওনাদাররা আগে থেকেই টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল তাই এ নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।