প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের শিল্প ও সংস্কৃতিমনা করে গড়ে তুলতে গত শুক্রবার রাজধানীর বিএএফ শাহীন কলেজের নিজস্ব অডিটোরিয়ামে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের মনোরঞ্জনের জন্য পুতুল নাচ।
বিএএফ শাহীন কলেজ ঢাকা আর্ট ক্লাব এবং এক্স শাহীনস্ অ্যাসোসিয়েশন ঢাকার (ইসাদ) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনে শিশু শ্রেণি থেকে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাইসুল হাসান। এ সময় তিনি শিশু-কিশোরদের জন্য আয়োজিত এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগুলোতেও ইসাদের এমন আয়োজন চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও ছিলেন ইসাদের নির্বাচিত বর্তমান সভাপতি দাতা মাগফুর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি রেশাদ হোসেন ও ওয়াফি শফিক, সাংস্কৃতিক সম্পাদক রুমানা জাহান, যুগ্ম সম্পাদক তানভীর রেজা, শাহ মোমরেজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম রাসেল, যুগ্ম কোষাধ্যক্ষ মাসফিকুর রহমান, নির্বাহী সদস্য ওমর মাহমুদ, ফারহানা রহমান ও সৈয়দা জুবায়রা জাবীন।
আয়োজনের সমাপনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
