আমৃত্যু কারাবাসের রিভিউর রায় যে কোনো দিন

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০০:৪৮

আমৃত্যু কারাবাসের রায় পুনর্বিবেচনা চেয়ে করা রিভিউ পিটিশনের উপর শুনানি শেষে হয়েছে। এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

মানিকগঞ্জের একটি হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আপিল বিভাগ। ঐ রায়ে বলা হয়, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড। স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগার থেকে মুক্তির কোনো সুযোগ নেই। এই রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন করেন আসামি আতাউর ও আনোয়ার। আসামিদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং অ্যামিকাসকিউরিরা তাদের মতামত তুলে ধরেন। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এখন আপিল বিভাগ যে কোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১৫ অক্টোবর একটি হত্যা মামলায় দুই আসামি আতাউর মৃধা ওরফে আতাউর ও আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। হাইকোর্ট ডেথ রেফারেন্স গ্রহণ করে ওই রায় বহাল রাখে। এর বিরুদ্ধে আপিল করেন আসামিরা। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসামিদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দণ্ড দেয়।