শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের রোমাঞ্চ। সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে সরাসরি চুক্তির মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ ছিল দলগুলোর। এরই মাঝে ইংল্যান্ডের তারকা ব্যাটার অ্যালেক্স হেলসকে নিয়ে ঘটেছে নাটকীয়তা।
সরাসরি চুক্তিতে হেলসকে দলে ভিড়িয়েছিল নবাগত দল ঢাকা ক্যাপিটালস। তবে রোববার (১৩ অক্টোবর) সেই চুক্তি স্থগিত করা হয়। হেলসের বিয়ের কারণে চুক্তি স্থগিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছিল ঢাকার ফ্রাঞ্চাইজিটি।
বিবৃতিতে তারা জানায়, ‘ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’
তবে মধ্যরাতে চমক দেখায় রংপুর রাইডার্স। ঢাকার বিবৃতির দেওয়ার ১০ ঘণ্টাও না পেরুতেই সবাইকে অবাক করে দিয়ে অ্যালেক্স হেলসকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় রংপুরের ফ্যাঞ্চাইজি। ফেসবুক পোস্টে তারা বিশ্বকাপজয়ী এই ইংলিশ তারকাকে দলে নেওয়ার কথা জানায়।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ঢাকার হেলস হয়ে যায় রংপুর। এর আগেও রংপুরের হয়ে বিপিএল খেলেছিল হেলস। তাই বলা যায় নাটকীয়তার মাধ্যমে অনেকটা নিজেদের ঘরের ছেলেকেই ধরে রাখলো রংপুর রাইডার্স।
