স্পোর্টস রিপোর্টার
গ্র্যান্ডমাষ্টার জিয়াউর রহমান জিয়া জাতীয় দাবায় আবার চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে রানার্স আপ হয়েছেন আবু সুফিয়ান শাকিল।
জিয়ার এটি জাতীয় দাবার ১৪তম শিরোপা জয়। ১৯৮৮ সালে প্রথমবার তিনি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১৪ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিলেন জিয়া। মাঝের সময়টা ট্রফি পাননি। এবার পুনরুদ্ধার করলেন। গতকাল দাবা কক্ষে অনুষ্ঠিত দশম বা শেষ রাউন্ডের খেলায় জিয়া হারিয়েছেন ফিদে মাষ্টার তৈয়বুর রহমান সুমনকে। জিয়া এই খেলায় ড্র করলেও শিরোপা পেতেন। কিন্তু ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি। গত রবিবার নবম রাউন্ডে জিয়া তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে হারাতে পারলে সেদিনই এক রাউন্ড হাতে রেখে ট্রফি জয় নিশ্চিত হত। কিন্তু পিতাপুত্রের খেলাটি ড্র হওয়ায় গতকাল শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় জিয়াকে।
জাতীয় দাবায় ১০ খেলায় জিয়া আট জয়ের বিপরীতে একটিতে ড্র এবং অপরটিতে পরাজিত হন। দ্বিতীয় রাউন্ডে ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের কাছে হেরেছিলেন জিয়া।
