শেখ সালাহউদ্দীন
গুজব ছুটছে ঝড়ের গতিতে
যেন এর আছে ডানা
এতে কান দেয়া ঠিক নয় এটা
আছে আপনার জানা?
গুজবের পিছে থাকে কারো কারো
ভয়াল দুরভিসন্ধি
বেকুবের মতো কেউ তা রটায়
না বুঝে তাদের ফন্দি।
সকলেই জানি ঐ ব্যক্তিকে
মিথ্যুক বলা যায়
যা শোনে দু কানে যাচাই না করে
সেটাই বলে বেড়ায়।
আমাদের এক স্বপ্নের নাম
ওই যে পদ্মা সেতু
এর নির্মাণ থামাতে পারেনি
কুচক্রীরা যেহেতু
মরিয়া হয়েই তাই তারা আজ
করছে যে প্রোপাগান্ডা
যে কোনো উপায়ে করতেই হবে
এখন এদের ঠান্ডা।
তারা রটাচ্ছে—সেতু নির্মাণে
লাগবে শিশুর মাথা—
এটা শুনে যারা বিশ্বাস করে
মগজ তাদের যা তা।
ভয়ানক কোনো এজেন্ডা নিয়ে
এটা ছড়াচ্ছে তারা
চলুন সকলে মিলে এক্ষুনি
করি তাদেরকে তাড়া।
