জাবিতে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৯:০৩

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগী সমন্বয়ক ও শিক্ষার্থীদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন সংগঠন গঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’এর ঘোষণা দেন শিক্ষার্থীরা।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতুকে আহ্বায়ক, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা ফাইজাকে সদস্য সচিব, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ারকে মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রুদ্র মোহাম্মদ সফিউল্লাহকে যুগ্ম-আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে মুখপাত্র ইমরান শাহরিয়ার বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো জাতির বুকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন জাগ্রত হয়েছে। যেখানে কোন ফ্যাসিবাদী শক্তি, বৈষম্য ও নিপীড়ন থাকবে না। সেখানে থাকবে ন্যায় বিচারের নিশ্চয়তা, জীবন ও জীবিকার নিরাপত্তা। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো হবে নিরাপদ ও উচ্চ শিক্ষার জন্য যথপোযুক্ত।

তিনি আরও বলেন, বর্তমানে দেখতে পাচ্ছি অন্তবর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের চেতনা লালন করতে পারছে না। এ সংকট সরকারের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় অংশীজন কর্তৃক সৃষ্ট। ফ্যাসিবাদের দোসররা ভেতরে ও বাইরে থেকে সরকারকে এই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত করতে বাঁধা প্রদান করছে।

সংগঠনটির আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জরুরত সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মতের শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে একই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তাই বৃহত্তর পরিবর্তনের জন্য সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তার প্রেক্ষিতে জুলাই অভ্যুত্থানের চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠার জন্য ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে আমরা একত্র হয়েছি।’

ইত্তেফাক/এমএএস