দক্ষিণ লেবাননের প্রধান সরকারি হাসপাতালের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক শিশুসহ অন্তত চার জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, রফিক হারিরি হাসপাতালের কার পার্কে এই হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এতে ২৪ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে মোট ১৩বার হামলা হয়েছে এবং এই হামলা তারই একটি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে যোগসূত্র থাকা স্থাপনাগুলোতে হামলা করছে।
দক্ষিণ বৈরুতের দাহিয়েহের আশেপাশের এলাকা থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হামলা শুরুর সময় লোকজন যানবাহনে চড়ে এবং হেঁটে পালাচ্ছে।
এর মধ্যে একটি জায়গা ইসরায়েলের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত হয়েছে যা বৈরুত বিমানবন্দর থেকে ৪০০ মিটারের মধ্যে। এটি লেবাননের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর।
স্থানীয় গণমাধ্যম যেসব ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে বিস্ফোরণে বিমানবন্দরের একটি ভবনের কিছু জানালা উড়ে গেছে।
এর আগে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দক্ষিণ বৈরুতে অন্য একটি হাসপাতালের আবরণে থাকা হিজবুল্লাহর একটি বাঙ্কার চিহ্নিত করেছে। তবে সেখান থেকে লোকজন চলে গেছে।
আইডিএফ মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ওই বাঙ্কারটি ছিল সাহেল হাসপাতালের নিচে এবং এতে কয়েক মিলিয়ন ডলার নগদ অর্থ ও সোনা পাওয়া গেছে।
তার মতে, এসব অর্থ ইসরায়েলে হিজবুল্লাহর হামলার কাজে ব্যবহৃত হতো। তবে বক্তব্যের স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।
