বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুন লেগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বাজারের ১৩ টি দোকানসহ রক্ষিত মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ২৩ অক্টোবর (বুধবার) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোকারম হোসেন জানান, বুধবার আনুমানিক ভোর চারটার দিকে পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বাজারের মতিয়ার রহমান মার্কেটের ব্যবসায়ী সুজা চৌধুরীর দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৩ ব্যবসায়ীর ১৩টি দোকান পুড়ে গেছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনি জানান, ব্যবসায়ী মাহফুজার রহমান, সুজা চৌধুরী, শাহিন মিয়া, হাবিবুর রহমান, আজিনুর মিয়া, তারিক হোসেনসহ ১৩ জন ব্যবসায়ীর দোকান পুরে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার টাকা।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় দোকানের মালামাল ও দোকানে রক্ষিত নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও নগদ টাকার পরিমান প্রায় ৩০ লক্ষ।
পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন, ‘পুটিমারী ইউনিয়নের কালিকাপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে বিষয় তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে জানাই। তারা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। আমরা সরকারীভাবে যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করছি।
