ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য ও সংগীত কর্মশালা

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:১৬

বিনোদন রিপোর্ট

 

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্য প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রাধাকৃঞ্চের কাহিনিভিত্তিক লোকজ এই ধামাইল সংগীতের জনক রাধারমন দত্ত। একাডেমির ত্রিশজন সংগীত ও নৃত্যশিল্পীর অংশগ্রহণে ৩ দিনব্যাপী এই কর্মশালা শুরু হয় ১২ জুলাই সকাল ১০টায়। আগামীকাল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ দিচ্ছেন সুনামগঞ্জের সংগীত প্রশিক্ষক দেবদাস চৌধুরী রঞ্জন। নৃত্য প্রশিক্ষক হিসেবে আছেন তুলিকা ঘোষ চৌধুরী এবং যন্ত্র সহযোগী অমিত বর্মণ। ধামাইলের পরিবেশনায় রয়েছে বেশ কয়েকটি পর্ব। ৩ দিনে ৫টি পর্বের প্রশিক্ষণ দেওয়া হবে। ধামাইলে পর্ব অনুযায়ী পোশাকেও রয়েছে ভিন্নতা। ধামাইল মূলত নারীরা পরিবেশন করে থাকে। এটি দক্ষিণের দিকে পরিবেষ্টিত হয়ে দলগতভাবে পরিবেশন করতে হয়।  বাংলাদেশে যে এতগুলো ঐতিহ্যবাহী লোকজ নাচের ধরন আছে তা অনেকেই জানেন না। লোকজ উত্স থেকে এই ধরনের নাচের ধরন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন প্রশিক্ষণার্থীরা। বিভিন্ন লোকজ গান ও নৃত্যের প্রশিক্ষণ আয়োজন এবং ধামাইল উত্সব আয়োজনের কথা জানিয়েছেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।