ভিসা জটিলতা কাটিয়ে থাইল্যান্ডে জিমিরা

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:১৯

স্পোর্টস রিপোর্টার

ভিসা জটিলতা কাটিয়ে ইনডোর জাতীয় হকি দল গতকাল দুপুরে থাইল্যান্ড গেছে। খেলা শুরু হবে ১৫ জুলাই। এশিয়ান হকি ফেডারেশনের টুর্নামেন্ট ইনডোর হকির এটি অষ্টম আসর। বাংলাদেশ খেলছে এবারই প্রথম।

ইরান এ টুর্নামেন্টে খেলছে, তারা টুর্নামেন্টের সাতবারের চ্যাম্পিয়ন। প্রথমবারের মতো খেলতে গিয়ে শক্তিশালী ইরানের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। গ্রুপের এ খেলাটি হবে ১৬ জুলাই। তার আগে প্রথম খেলায় বাংলাদেশ মালয়েশিয়ার মুখোমুখি হবে। মালয়েশিয়া তিনবার রানার্সআপ হয়েছে ইনডোর হকিতে।

বাংলাদেশের জন্য ইনডোর হকি কঠিন টুর্নামেন্ট হলেও অধিনায়ক ফরহাদ আহমেদ শিতুল সাহস করে বলেই ফেলেছেন তার দল মালয়েশিয়াকে হারাতে চায়। সেটা সম্ভব হবে কি হবে না, বলা কঠিন হলেও খেলোয়াড়দের ভেতরে সাহস এবং আত্মবিশ্বাস অনেক।

প্রায় মাসখানেকের প্রশিক্ষণে যতটুকু শিখেছেন তা কাজে লাগাতে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত শিতুল, জিমিরা। অধিনায়ক শিতুল জানিয়ে গিয়েছেন মালয়েশিয়াকে হারাতে চান তারা। অভিজ্ঞতায় মালয়েশিয়া অনেক এগিয়ে। বাংলাদেশ পিছিয়ে থাকলেও তারা ফাইট করতে চায়। ইরানি কোচ হামিদ রেজা বোখারাই ইরানের কোচ ছিলেন। তার হাত ধরেই ইরান সাতবার চ্যাম্পিয়ন হয়েছিল। এ হামিদ রেজা বাংলাদেশের জিমি, মইনুল, শিতুল, আশরাফুলদের ভিডিও দেখিয়ে দেখিয়ে অনেক কিছু দ্রুততম সময়ে ধাতস্থ করার চেষ্টা করেছেন। জিমিরাও জানিয়ে গেছেন তারা আগের চেয়ে অনেকটাই এগিয়েছেন। এখন মাঠে দেখা যাবে কতটা প্রয়োগ করতে পারছেন।

বাংলাদেশ ইনডোর জাতীয় হকি দল

গোলকিপার অসীম কুমার গোপ, গোলকিপার আবু সাঈদ নিপ্পন, ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল (অধিনায়ক), ফজলে হোসেন রাব্বি, সারোয়ার হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও রোমান সরকার। প্রধান কোচ হামিদ রেজা বোখারাই, কোচ  জাহিদ হোসেন রাজু, ম্যানেজার  জামিল আবু নাসের।

গ্রুপ পর্বে বাংলাদেশের ফিকশ্চার

১৫ জুলাই : বাংলাদেশ-মালয়েশিয়া

১৬ জুলাই :বাংলাদেশ-ইরান

১৭ জুলাই : বাংলাদেশ-ফিলিপাইন

১৮ জুলাই : বাংলাদেশ-থাইল্যান্ড