শেখ হাসিনা ও ছাত্রলীগের বিচার দাবিতে মিছিলে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:৫৩

মাদারীপুরের কালকিনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ঘটা এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

থানার অভিযোগ ও দলীয় সূত্রে জানা গেছে, স্বৈরশাসক হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌরসভা ছাত্রদল। মিছিলটি কালকিনি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে মাছ বাজারের দিকে রওনা দেয়। এ সময় দুর্বৃত্তরা মিছিলের পেছন থেকে ৩ থেক ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো মাছ বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ করে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতারা। 

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মামুন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে ছাত্রলীগ সন্ত্রাসীরা মিছিলের পেছন থেকে ককটেল ছুড়ে মারে। আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবির জানান, আমাদের কাছে ছাত্রদল অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচডি