স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ব্যর্থতার পর উদ্ভট এক সিদ্ধান্ত নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ওয়ানডে অধিনায়ক গুলবাদিনের নাইবের অধিনায়কত্ব হারানোটা অবধারিতই ছিল। কিন্তু অদ্ভুতভাবে কোনো টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর কোনো ম্যাচ দায়িত্ব পালন করার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন রহমত শাহ। তিন ফরম্যাটে আফগানদের নতুন অধিনায়ক এখন রশিদ খান।
বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ আগে থেকেই দলটির টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন। তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে তার যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সফর দিয়েই। আগামী সেপ্টেম্বরে দল নিয়ে বাংলাদেশ সফরে আসছেন তিনি। খেলবেন একটা টেস্ট ও জিম্বাবুয়েকে সাথে নিয়ে একটা টি-টোয়েন্টি সিরিজ। এরপর ভারতের মাটিতে ‘হোম সিরিজ’-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি ও একটি টেস্ট। সিরিজ চলবে পাঁচ নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত।
বিশ্বকাপের আগে হুট করেই দায়িত্ব পেয়েছিলেন নাইব। আসগর আফগানের মতো অভিজ্ঞ অধিনায়ককে সরিয়ে তাকে দায়িত্ব দেওয়ায় ক্ষেপেছিলেন রশিদ ও মোহাম্মদ নবীর মতো শীর্ষ ক্রিকেটাররা। আর এর ফলাফল পড়ে বিশ্বকাপে। গ্রুপ পর্বের ৯টি ম্যাচের একটিতেও জিততে পারেনি আফগানিস্তান। তাই, বিশ্বকাপ শেষেই বিদায় ঘণ্টা বাজল নাইবের।
