দৃক গ্যালারিতে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী-২০২৪ এর ঢাকা সংস্করণ শুরু

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ২১:৪৮

ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের সহযোগিতায় ও দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার দৃক গ্যালারিতে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বব্যাপী সফররত এই প্রদর্শনীতে ফাউন্ডেশনের বার্ষিক আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে একটি স্বাধীন বিচারকমন্ডলী দ্বারা নির্বাচিত বিগত বছরে তোলা সমগ্র বিশ্বের সেরা আলোকচিত্র সাংবাদিকতা এবং ডকুমেন্টারি আলোকচিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। 

দৃকপাঠ ভবনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীর ঢাকা সংস্করণের প্রেক্ষাপটের উপর আলোকপাত করেন বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, জাতিসংঘের মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার বিকাশ ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার আইরিন খান এবং দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ও ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার প্রাক্তন জ্যুরি বোর্ড সভাপতি শহিদুল আলম। অনুষ্ঠানটি সঞ্ছালনা করেন ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার এশিয়া অঞ্চলের কোর্ডিনেটর এএসএম রেজাউর রহমান। 

ইতিপূর্বে এশিয়া অঞ্চলের সহযোগি হিসাবে দৃক ২০২২ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনীর আয়োজন করেছে নভেম্বর ২০২২-এ।এছাড়াও দৃক এশিয়া অঞ্চলের ২০২৩ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার বিচারপ্রক্রিয়ার আয়োজন করে ঢাকায় এবং ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার বিচারপ্রক্রিয়ার আয়োজন করে অনলাইনে।

২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতাটি বিশ্বব্যাপী মোট ছয়টি অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে- আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর এবং মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়া। প্রতিযোগিতার এবারের ৬৭তম আসরে ১৩০টি দেশের ৩,৮৫১ জন আলোকচিত্রীর কাছ থেকে ৬১,০৬২টি আলোকচিত্র ও ওপেন ফরম্যাট এন্ট্রি পাওয়া যায়।

৬১,০০০টিরও বেশি এন্ট্রি থেকে নির্বাচিত বিজয়ী কাজগুলোর মধ্য দিয়ে ধ্বংসাত্মক সংঘাত এবং রাজনৈতিক উত্থান থেকে শুরু করে জলবায়ু সংকট এবং অভিবাসীদের নিরাপদ উত্তরণ সঙ্ক্রান্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়েছে৷ এধরনের গুরুত্ত্বপূর্ণ গল্পগুলোকে একত্রিত করার ক্ষেত্রে, নির্বাচিত কাজগুলো সমসাময়িক ঘটনাগুলো সম্পর্কে বৃহত্তর বোঝাপড়া এবং সচেতনতাকে উত্সাহিত করে, সেইসাথে বিশ্বের সমস্ত কোণে সাংবাদিকতার স্বাধীনতার প্রয়োজনীতা মনে করিয়ে দেয়। 

এবছর বিশ্বব্যাপী সফর শুরু করার পূর্বে, গত এপ্রিলের ১৯ তারিখে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী ২০২৪ আয়োজিত হয় নেদারল্যান্ডের অ্যামস্ট্যার্ডাম শহরে। বর্তমানে প্রদর্শনীটি ৬০টির বেশি দেশে সফর করছে।  

প্রদর্শনীটি আগামী নভেম্বর ১৪, ২০২৪, প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ইত্তেফাক/জেডএইচডি