সাবেক প্রেসিডেন্টদের ৬০টি বিমান বিক্রি করবে মেক্সিকো

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯

 

নতুন বামপন্থি প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রেসিডেন্টদের ব্যবহূত বিলাসবহুল ৬০টি উড়োজাহাজ ও ৭০টি হেলিকপ্টার বিক্রির প্রস্তুতি নেওয়া শুরু করেছে মেক্সিকো।

 প্রেসিডেন্ট হিসেবে প্রথম পুরো দিন পার করার শেষ দিকে ভেরাক্রুজ রাজ্যের সালাপা শহরে এক সমাবেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের ব্যবহার করা সব উড়োজাহাজ ও হেলিকপ্টার বিক্রি করে দিচ্ছি আমরা।’ এক সঙ্গে গর্জে ওঠে, এতে সম্মতি জানায় সমাবেশে উপস্থিত জনতা।

রবিবার সকালে রাজধানী মেক্সিকো সিটিতে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দেশটির অর্থমন্ত্রী কার্লোস উরদুয়া জানান, ‘খুব শিগগিরই’ এ উড়োজাহাজটি বিক্রির জন্য রাখা হবে।  

সালাপার সমাবেশে লোপেজ ওব্রাদর আরও কয়েকটি জনপ্রিয় নির্বাচনী প্রতিশ্রুতির উল্লেখ করে সেগুলোও বাস্তবায়ন করার ঘোষণা দেন। এগুলোর মধ্যে সাবেক প্রেসিডেন্টদের পেনশনের সমাপ্তি টানা ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বেতন হ্রাস করা অন্যতম।

জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বড় ধরনের জয় পেয়ে সাত দশকের মধ্যে মেক্সিকোর প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হন মেক্সিকো সিটির এ সাবেক মেয়র।