ডোমারে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৪৬

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

মুষলধারে বৃষ্টিতে ভিজে সড়ক সংস্কারের দাবিতে ডোমার উপজেলায় শুক্রবার মানববন্ধন হয়েছে। প্রতিবাদী ডোমারবাসীর ব্যানারে রেলঘুন্টি মোড়ে এ মানববন্ধন হয়। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেচপাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, দন্ত চিকিত্সক ডা. ওমর ফারুক, নুরুজ্জামান বাবলা প্রমুখ। বক্তারা বলেন, ডোমার সদরের থানা  থেকে বাজার ও বাসস্ট্যান্ডের প্রায় দেড় কিলোমিটার সড়কটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির কোথাও কোথাও অনেক বড়ো গর্ত। প্রতি বর্ষা মৌসুমে সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কারের কথা বললেও তা করা হচ্ছে না। আগামী ৩০ দিনের মধ্যে সংস্কার করা না হলে আমরণ অনশন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ঐ সড়কটির এক কিলোমিটার সংস্কার কাজের টেন্ডার হয়ে গেছে। আগামী সাতদিনের মধ্যে কাজ শুরু হবে।