ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১,২৪৮ জন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৯:৩৫

দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৮ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১১ জনে।

রোববার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এছাড়া বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন।

ডেঙ্গু

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭৮ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৬৭ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১৫১ জন, রংপুরে ২৩ জন ও সিলেট বিভাগে চারজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। যা দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রেকর্ড হয়। সে বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

ইত্তেফাক/এনএ