ইত্তেফাক ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার চারজন মারা গেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
কাশিয়ানীতে মোটরসাইকেলের
দুই আরোহী নিহত
কাশিয়ানী (গোপালগঞ্জ) : গোপালগঞ্জে শুক্রবার মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের সাদ্দাম হোসেন ও মনির মিয়া। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশালে মোটরসাইকেল
আরোহী নিহত
বরিশাল অফিস :বরিশালে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরো এক আরোহী গুরুতর আহত হয়। শুক্রবার দুপুরে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের রূপাতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক রায়হান হাওলাদার ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের আলী মিয়ার ছেলে এবং একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম বলেন, একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলে সেলসম্যান রায়হানসহ দুই জন বরিশাল নগরীতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।
ফুলবাড়ীতে যুবকের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ীতে শুক্রবার বিকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফজলে রাব্বী (২৩)। সে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের মকলেসুর রহমানের ছেলে। পুলিশ মেসার্স জাহিরুল অটো রাইস মিলের ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে। থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ অভিযোগ দেননি।
