ভোলায় পানিতে ডুবে ২ বোনসহ ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২১:১৫

ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ৩ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে ২ শিশুর বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডে। তাদের নাম মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯)। তারা দু'জন সম্পর্কে আপন বোন। তাদের বাবা মো. হোসেন প্রবাসে থাকেন। অপর শিশুর নাম রাফিয়া আক্তার (১০)। রাফিয়া ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে। মিম, মারজিয়া এবং রাফিয়া সম্পর্কে খালা-বোনজি। গেল ৪ দিন আগে মিম এবং মারজিয়া বোরহানউদ্দিন থেকে সোনাপুর তাদের নানা বাড়িতে বেড়াতে এসেছে।

তিন শিশুর পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরের দিকে মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তারের জামা-কাপড় ঘাটলায় পড়ে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তারা পুকুরে জাল ফেলে। এরপর একের পর এক জালে শিশু তিনটির মরদেহ ভেসে ওঠে।

শাকিব নামে শিশু তিনটির এক নিকটাত্মীয় জানান, জালে প্রথমে মিমের মরদেহ ভেসে ওঠে। এর ১০ মিনিট পর মারজিয়ার মরদেহ এবং ৩০ মিনিট পর রাফিয়ার মরদেহ ভেসে ওঠে। তারা আর বেঁচে নেই এমনটা নিশ্চিত হওয়ার কারনে তাদেরকে কোনো চিকিৎসক এর কাছে নেয়া হয়নি।

এদিকে একই সময় জেলার দৌলতখান উপজেলার মিঝি বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় মো. জিহাদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জিহাদ তার প্রতিবন্ধী বাবার সঙ্গে বাজারে চুল কাটতে গিয়ে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/জেডএইচডি