ইত্তেফাক রিপোর্ট
দেশে নির্বাচিত ৩০টি পৌরসভার পানি ও স্যানিটেশনের উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদ করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। নির্বাচিত ৩০টি পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশনের উন্নয়নে এই অর্থ ব্যয় হবে। ‘মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন’ প্রকল্পে এই অর্থ ব্যয়ের মাধ্যমে ৬ লাখ পৌরবাসী উপকৃত হবে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিশ্বব্যাংক জানিয়েছে, পৌরসভাগুলোতে বসবাসরত নাগরিকদের পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে এ প্রকল্পের মাধ্যমে।
নির্বাচিত এই ৩০টি পৌরসভায় বর্তমানে এই সুবিধা নেই। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পানি শোধনাগার, পানি সংরক্ষণ ব্যবস্থা তৈরি, পানি সঞ্চালনে পাইপলাইন স্থাপনসহ বসতবাড়িতে পানির মিটার স্থাপন করা হবে। বিশ্বব্যাংক উল্লেখ করেছে, বাংলাদেশে ৮৭ ভাগ জনগোষ্ঠী উন্নত উত্স হতে পানি ব্যবহার করতে পারে। কিন্তু পাইপলাইনে পানি সুবিধা পাচ্ছে মাত্র ১০ ভাগ জনগোষ্ঠী। বাংলাদেশের অর্ধেক পৌরসভায় পানি সরবরাহে পাইপলাইন ব্যবস্থা রয়েছে। কিন্তু দেশের বিশাল নগরবাসীর হিসেবে এই হার নগণ্য।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন বলেন, বাংলাদেশে দ্রুত নগরায়ণ হচ্ছে। ফলে ছোটো ও বড়ো উভয় ধরনের শহরগুলোতে অবকাঠামো গড়ে তুলতে হবে। সেইসাথে বর্ধিত জনগোষ্ঠীর জন্য উন্নত পানির উত্স এবং স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। আধুনিক শহরে পানি ও স্যানিটেশন ব্যবস্থা সমন্বিতভাবে গড়ে তোলা হয়। এই প্রকল্পের মাধ্যমে পৌরসভাগুলোতে সমন্বিতভাবে সুবিধাগুলো তৈরি করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্বব্যাংক উল্লেখ করেছে, এই প্রকল্পের মাধ্যমে উন্নত স্যুয়ারেজ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্ন কর্মীদের যন্ত্রপাতি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ৫ বছর রেয়াতকাল ও ২ শতাংশ সুদে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে ৩০ বছর মেয়াদে এই ঋণ দেওয়া হবে। বিশ্বব্যাংক ছাড়াও প্রকল্পটিতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে। প্রকল্পটি বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল হতে ৯৫ কোটি ৩০ লাখ ডলার ব্যয় করা হবে।
