নারী-শিশুর প্রতি পাশবিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:০৫

নারী-শিশুদের প্রতি পাশবিক নির্যাতন-নিপীড়ন বন্ধ, দেশ থেকে খুন, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্জুমানে রহমানিয়া মইনীয়ার মাইজভান্ডারীয়া। শুক্রবার ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্বরে আন্জুমানে রহমানিয়া মইনীয়ার মাইজভান্ডারীয়া, মইনীয়া শিশু-কিশোর মেলা, মইনীয়া যুব ফোরাম ও মইনীয়া মহিলা ফোরামের মানববন্ধনে এ আহ্বান জানানো হয়। নারী-শিশুদের প্রতি জঘন্য পাশবিকতা বন্ধ, দেশ থেকে খুন-হানাহানি, সন্ত্রাস-জঙ্গিবাদ, যৌতুক ও মাদক বিপণন প্রতিরোধে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, আইয়ামে জাহেলিয়াতের আদলে আজ দেশে শিশু-নারীদের প্রতি জঘন্য নির্মমতা ও পাশবিকতা দেখে আমরা হতভম্ব হয়ে পড়েছি। আজকের সভ্য দুনিয়ায় এমন নির্মমতা কিছুতেই মেনে নেয়া যায় না। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাওয়া ও বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকায় দেশে বর্বরতার রাশ থামানো যাচ্ছে না। অবুঝ নিষ্পাপ শিশুদের ওপর চলা জঘন্য নির্মমতার বিরুদ্ধে দেশবাসীকে আজ গর্জে উঠতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতী বাকী বিল্লাহ আল আজহারী, মইনীয়া শিশু-কিশোর মেলার নির্বাহী পরিচালক আশরাফিয়া আলী আহমদ নানতু, মইনীয়া যুব ফোরাম সাধারণ সম্পাদক খলিফা মো.আসলাম হোসাইন।-প্রেস বিজ্ঞপ্তি