ইউএসটিসি শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় আরো এক শিক্ষার্থী গ্রেফতার

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:০৬

চট্টগ্রাম অফিস

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাসুদ মাহমুদকে গায়ে কেরোসিন ঢেলে লাঞ্ছিত করার ঘটনায় আরো এক ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। মো. মইনুল আলম (২২) নামে এ শিক্ষার্থী ইউএসটিসি ইংরেজি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তাকে শিক্ষক লাঞ্ছনার দায়ে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। খুলশি থানা পুলিশ জানায়, মইনুলকে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। ইতিপূর্বে এ ঘটনায় মাহমুদুল হাসান নামে একই বিভাগের স্নাতকোত্তর শ্রেণির আরেক ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে গ্রেফতার হলো—দুই জন।

ইউএসটিসি কর্তৃপক্ষ চার জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তাদের মধ্যে মাহমুদুলকে এ বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। মইনুলসহ অপর তিন জনকে বহিষ্কার করা হয় এক বছরের জন্য। শাস্তিপ্রাপ্তরা ১৫ জুলাই পর্যন্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে বলে ইউএসটিসির প্রক্টর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান।

উল্লেখ্য, গত ২ জুলাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের  ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাসুদ মাহমুদকে অফিস থেকে টেনে বের করে রাস্তায় নিয়ে গায়ে কেরোসিন ঢেলে লাঞ্ছিত করে একদল শিক্ষার্থী।