গাইবান্ধা থেকে ঢাকায় বাস চলছে না এক সপ্তাহ

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:০৬

যাত্রী ভোগান্তি চরমে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা থেকে ঢাকাগামী বাস চলাচল গত শনিবার সকাল থেকে বন্ধ আছে। কিন্তু কবেনাগাদ শুরু হবে এই বাস চলাচল, তাও অনিশ্চিত। ফলে এ জেলার ঢাকায় যাতায়াতকারী বাসযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দ্বিগুণ হারে চাঁদা আদায় ও মোটর শ্রমিক ইউনিয়নের সাথে বহিরাগত বাসমালিকদের দ্বন্দ্বের জের ধরে পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ ঘোষণা করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল চালু রয়েছে।              

বিষয়টি নিয়ে গাইবান্ধা জেলা ও পুলিশ প্রশাসন, জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সাথে একাধিকবার বৈঠক হয়। এক পর্যায়ে গত সোমবার বিষয়টি নিষ্পত্তি হয়। কিন্তু ঢাকা বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ওই সিদ্ধান্ত নাকচ করে দিয়ে বাস চলাচল বন্ধ রাখে। তারা জানান মোটর শ্রমিক সংগঠনের মহাসড়কে চাঁদাবাজি ও বর্ধিত হারে চাঁদা আদায় বন্ধ, সড়কে যানবাহনের নিরাপত্তা বিধানসহ অন্যান্য বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা বাস চলাচল বন্ধ রাখবে বলে জেলা মোটর মালিক সমিতি সূত্রে জানা যায়।             

বাস চলাচল না করায় এবং বাস কাউন্টারগুলো বন্ধ থাকায় যাত্রীবিহীন হয়ে পড়েছে গাইবান্ধা বাসটার্মিনাল। অনেকেই বাধ্য হয়ে ট্রেনে যাতায়াত করছেন। কেউবা গাইবান্ধা থেকে লোকালবাস, ব্যাটারিচালিত অটো ও সিএনজিচালিত অটোতে করে ১৯ কিলোমিটার দূরে পলাশবাড়ী উপজেলা শহরে গিয়ে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে ঢাকাগামী বাসে ঢাকা যাচ্ছেন। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন কাউন্টারের ম্যানেজার জানান, আগেও মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন চেইনের নামে চাঁদা নিত। তবে হঠাত্ করেই তারা দ্বিগুণ চাঁদা দাবি করছে। তাই বাধ্য হয়ে পরিবহন মালিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছে। তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত তারা পূর্বের জায়গায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত গাড়ি না চালানোর সিদ্ধান্ত রয়েছে।