খুলনায় অগ্নিকাণ্ডে ঝুঁকিপূর্ণ শতাধিক ভবন

আপডেট : ১২ জুলাই ২০১৯, ২২:২৭

পর্যাপ্ত অগ্নিনির্বাপনের ব্যবস্থা না থাকায় খুলনায় বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলে শতাধিক ভবন অগ্নি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভবনের মধ্যে হাসপাতালের সংখ্যাই বেশি। দুর্ঘটনা এড়াতে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষকে ১৬টি পরামর্শ দেওয়া হয়েছে।

খুলনা মহানগরীর আবাসিক এলাকায় অধিকাংশ রাস্তা অপ্রশস্ত। নগরীর অন্যতম ব্যবসাকেন্দ্র ‘বড় বাজারে’ ফায়ার ব্রিগেডের গাড়ি প্রবেশ দুরূহ ব্যাপার। বাংলাদেশ ব্যাংক, নিউমার্কেট এলাকার আশপাশে পানির ব্যবস্থা নেই। ফলে বড়ো ধরনের অগ্নিকাণ্ড ঘটলে সামাল দেওয়ার অবস্থা নেই। অগ্নিনির্বাপকে ঝুঁকিপূর্ণ অন্যান্য ভবনের মধ্যে রয়েছে খুলনা জেনারেল হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল, সিটি  মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল, আদদ্বীন আকিজ মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিএনএসবি চক্ষু হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, ফাতেমা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল, ফরটিস এসকটস হার্ট ইনস্টিটিউশন, খালিশপুর ক্লিনিক, অংকুর ডায়াগনস্টিক সেন্টার, সন্ধানী ক্লিনিক, গরিব নেওয়াজ ক্লিনিক ও হাসপাতাল, সুরক্ষা হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, জোহরা মেমোরিয়াল হাসপাতাল, রাশিদা মেমোরিয়াল হাসপাতাল, দলিত হাসপাতাল ডুমুরিয়া, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দীঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডেল্টা লাইফ টাওয়ার, ট্রিবিউন টাওয়ার, ইউনাইটেড টাওয়ার, রূপসা প্লাজা, মাতৃভাষা আমিন প্লাজা, নিরালা টাওয়ার, জনতা জুয়েলার্স, হোটেল ওয়েস্টার্ন ইন, হোটেল সিটি ইন, সুগন্ধী টাওয়ার  ইত্যাদি। ফায়ার ব্রিগেডের খুলনার সহকারী পরিচালক মো. দুলাল মিয়া জানান, এসব ভবন অগ্নিকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ বলে চি?িহ্নত করা হয়েছে। বহুতলবিশিষ্ট ভবনে ফায়ার লিফট নেই, ফায়ার ব্রিগেড কানেকশন নেই। ভবনের মালিকদের অগ্নিনির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পানি সংরক্ষণসহ ১৬টি পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে ফায়ার সেপটি প্ল্যান নেই। ফলে সুউচ্চ এসব ভবনে অগ্নিকাণ্ড ঘটলে আগুন নেভানো কঠিন হবে।