সেশন ফি সহনীয় রাখাসহ ১৬ দফা দাবিতে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীর অভিভাবকরা। বুধবার (৬ অক্টোবর) প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করে তারা এই স্মারকলিপি দেন।
এতে বলা হয়, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এর সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে কিছু বিষয়ে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এসব বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিলে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।
তাদের ১৬ দফা দাবি মধ্যে রয়েছে
১. সেশন ফি সহনীয় রাখা (অভিভাবকদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে)।
২. পরীক্ষার ফি বাতিল করা।
৩. অনুপস্থিতি ফাইন পুনর্বিবেচনা করা।
৪. প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা।
৫. ওয়াসরুমগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা।
৬. ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা।
৭. অভিভাবকদের জন্য ওয়েটিং রুম ও ওয়াশরুমের ব্যবস্থা করা।
৮. অভিভাবক মিটিংয়ে ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল উপস্থিত থেকে মতবিনিময় করা।
৯. গভর্নিং বডিতে অভিভাবক প্রতিনিধি রাখা (অভিভাবকদের ভোটে নির্বাচিত)।
১০. ক্লাসের পড়া যেন শিক্ষার্থীরা বোঝে, এ বিষয়ে আরও যত্নশীল হওয়া।
১১. অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। ক্লাসরুমসহ সবখানে ফ্যান সচল রাখ ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা।
১২. ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে ইংরেজিতে কথোপকথন করা।
১৩. ইংরেজি ভার্সন শিক্ষার্থীদের ক্লাস-টাইম পরিবর্তন করা।
১৪. শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বা শ্রেণিকক্ষে কোনও হয়রানি না করা। কেউ হয়রানি করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
১৫. উপযুক্ত ক্রীড়া-প্রাঙ্গণ নিশ্চিত করা।
১৬. ট্রান্সপোর্ট চালু করা।
