টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টি-জেপির নির্বাহী সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য সাদেক সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। রবিবার টাঙ্গাইলের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সাদেক সিদ্দিকী জেপির একমাত্র পার্থী। পরে সাদেক সিদ্দিকী সাংবাদিকদের বলেন, তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের পক্ষে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। মহাজোটের মনোনয়ন পেলে তিনি জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী।
কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান ঐক্যফ্রন্টের নেতা কাদের সিদ্দিকী বীরোত্তমের মনোনয়ন ঋণ খেলাপির দায়ে বাতিল হয়েছে।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীরা হলেন— হাসান ইমাম খান সোহেল হাজারী (আওয়ামী লীগ), লুত্ফর রহমান মতিন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম ও বেনজীর আহমেদ (বিএনপি), আব্দুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র), শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী ও ইঞ্জিনিয়ার লিয়াকত আলী (কৃষক শ্রমিক জনতা লীগ), মোস্তাক হোসেন রতন (জাতীয় পার্টি), মির্জা আবু সাঈদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এসএম আবু মোস্তফা (জাতীয় সমাজতান্ত্রিক দল), মোন্তাজ উদ্দিন (বাংলাদেশ জাকের পার্টি) এবং শুকুর মাহমুদ (স্বতন্ত্র)।
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে রবিবার জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঝালকাঠির জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। জেপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুবেল হাওলাদার জাতীয় পার্টির জেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠির জেলা জেপি সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির (জেপি) সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।
রুবেল হাওলাদার জানান, তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেপির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। পরে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়াও তিনি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী।
