মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক মাসগুলো ছিল নতুন আবিষ্কার ও প্রযুক্তিগত অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক উৎকর্ষ এবং বিভিন্ন দেশের মহাকাশ গবেষণার প্রতিযোগিতা মানবজাতির সামগ্রিক অগ্রগতির এক নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। গত মাসে নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থার বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। বিশেষত, নাসার আর্টেমিস প্রকল্পের অধীনে চাঁদে অভিযানের পরিকল্পনা, চাঁদের বুকে আবারও মানুষকে স্থাপন করার এক বিশাল স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। আর্টেমিস প্রকল্পের লক্ষ্য শুধু চাঁদে আবার মানুষ পাঠানো নয়; এটি চাঁদকে আমাদের মহাকাশ গবেষণার জন্য একটি বেস হিসেবে ব্যবহার করে মঙ্গলে অভিযানের জন্য প্রস্তুতি নেওয়ার একটি প্রয়াস।
আর্টেমিস-৩ মিশনের পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে একজন পুরুষ ও একজন নারীকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানো হবে, যা মানব ইতিহাসে প্রথম চন্দ্র দক্ষিণ মেরুর অবতরণ। চাঁদের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ; কারণ বিজ্ঞানীরা ধারণা করছেন, এখানে পানির বরফ থাকতে পারে-যা ভবিষ্যতে মহাকাশচারীদের পানীয় জল, অক্সিজেন এবং জ্বালানি সরবরাহ করতে পারে। গত মাসে আর্টেমিস প্রকল্পের আওতায় নাসা চাঁদের মাটিতে ভবিষ্যতের স্থায়ী বেসের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিভিন্ন পরিকল্পনা প্রকাশ করেছে। এই স্থায়ী বেস থেকে নভোচারীরা চাঁদের মাটিতে বিজ্ঞান গবেষণা চালাতে এবং রোবটিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে পৌঁছাতে পারবে। চাঁদে নিরাপদে অবস্থান করার জন্য এমন আবাসিক অবকাঠামো তৈরি করার কাজ চলছে, যা মহাশূন্যের কঠোর তাপমাত্রা ও বিকিরণ থেকে সুরক্ষা প্রদান করবে। এই প্রযুক্তি শুধু চাঁদেই নয়, ভবিষ্যতে মঙ্গলে অভিযানের জন্যও প্রয়োজনীয় হবে।
আর্টেমিস মিশনের সফলতা মানবজাতির জন্য মঙ্গলে অভিযানের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিজ্ঞানীরা মনে করছেন, চাঁদের মাটিতে একটি স্থায়ী বেস স্থাপন করলে সেটি মঙ্গলে অভিযানের জন্য প্রয়োজনীয় পরীক্ষাগার এবং উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে। মঙ্গলে মানুষের বসতি স্থাপন বর্তমানে বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হতে পারে, কিন্তু সাম্প্রতিক প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণা এই কল্পনাকে বাস্তবে পরিণত করতে পারে। মঙ্গলে অভিযানের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খাদ্য, পানি, অক্সিজেন এবং জ্বালানি নিয়ে যাওয়া। চাঁদের বরফ থেকে পানি ও অক্সিজেন উৎপাদন সম্ভব হলে, সেগুলো মঙ্গল অভিযানের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া, চাঁদের মাটিতে পাওয়া বিভিন্ন খনিজ পদার্থকে প্রত্রিয়াজাত করে মহাকাশযানের জন্য প্রয়োজনীয় জ্বালানি উৎপাদনের প্রযুক্তি নিয়েও গবেষণা চলছে।
আন্তর্জাতিক সহযোগিতা এবং মহাকাশ গবেষণায় গতি মহাকাশ গবেষণায় এখন আন্তর্জাতিক সহযোগিতা বেড়েছে। আর্টেমিস প্রকল্পে নাসা ছাড়াও ইউরোপীয় মহাকাশ সংস্থা, জাপান, কানাডা ও অন্যান্য দেশের মহাকাশ সংস্থাও অংশগ্রহণ করছে। এই সহযোগিতা শুধু অর্থনৈতিকভাবে সহায়ক নয়; এটি বিভিন্ন দেশের প্রযুক্তি, বিজ্ঞান, এবং মানবসম্পদকে একত্রিত করে মহাকাশ গবেষণায় গতি এনে দিয়েছে। এমনকি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো' চাঁদ ও মঙ্গল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত মাসে চীন তাদের নতুন মিশনের ঘোষণা করেছে, যার মাধ্যমে তারা ২০২৫ সালের মধ্যে মঙ্গলে একটি নতুন রোভার পাঠানোর পরিকল্পনা করছে।
মহাকাশ গবেষণায় আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো-বেসরকারি উদ্যোগের বৃদ্ধি। সাম্প্রতিক মাসগুলোতে মহাকাশ পর্যটন একটি আকর্ষণীয় ধারণা হিসেবে উঠে এসেছে। বিভিন্ন বেসরকারি কোম্পানি, যেমন স্পেসএক্স, ক্ল অরিজিন এবং ভার্জিন গ্যালাকটিক মহাকাশ পর্যটনের জন্য বড় বিনিয়োগ করছে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। ইলন মাস্কের নেতৃত্বাধীন স্পেসএক্স চাঁদ ও মঙ্গলে মানুষের স্থায়ী বসতি স্থাপনের স্বপ্ন দেখছে এবং ইতিমধ্যে একটি রকেট ও মহাকাশযান তৈরি করেছে, যা ভবিষ্যতে বহু মানুষকে একসঙ্গে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য সক্ষম।
এই মহাকাশ পর্যটনশিল্পটি অর্থনীতির নতুন একটি দিক হিসেবে আবির্ভূত হয়েছে। ভবিষ্যতে পৃথিবীর বাইরেও মানবজাতি স্থায়ীভাবে বসবাস করতে পারবে এবং মহাকাশে জীবিকা অর্জনের সম্ভাবনাও তৈরি হবে। মহাকাশ পর্যটন আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরো জানার পথ খুলে দিচ্ছে এবং একই সঙ্গে মহাকাশ গবেষণার জন্য অর্থনৈতিক সমর্থন জোগাচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি, মহাকাশ গবেষণায় সাম্প্রতিক উন্নতি মানবজাতির জন্য এক নতুন ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দিচ্ছে। আর্টেমিস মিশন, মঙ্গল অভিযানের প্রস্তুতি, এবং মহাকাশ পর্যটন এসবই পৃথিবীর বাইরেও মানুষের বসতি স্থাপনের সম্ভাবনাকে জাগিয়ে তুলছে। মহাকাশ গবেষণার মাধ্যমে আমরা শুধু আমাদের সীমা নয়, বরং আমাদের সম্ভাবনাকেও প্রসারিত করছি।
লেখক: শিক্ষক, নিবন্ধকার
