পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা শীর্ষক সেমিনার 

আপডেট : ১০ মে ২০২৫, ১৭:৫১

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্টুডেন্টস হেল্প এসোসিয়েশন অব বাংলাদেশ-এর উদ্যোগে পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে 'দ্যা এনভারমেন্ট রিফর্ম-২০২৪' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৮ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকার রহমান এজে ট্রেড সেন্টারে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের সহসম্পাদক শাকিরুল আলম শাকিল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার রিয়াজ উদ্দিন ইফান ও জেনারেল সেক্রেটারি সিফাত আহমেদসহ সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এম্বাসেডরগণ। 

প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, শিক্ষার্থীরা পরিবেশসহ সমাজে যেকোনো ইতিবাচক পরিবর্তন আনার জন্য অনুঘটক। তাদের জ্ঞান, আবেগ এবং অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা রয়েছে। তারা পদ্ধতিগত এবং সংগঠিত কার্যকলাপের মাধ্যমে একটি পরিষ্কার এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারে। সৃজনশীলতা, সচেতনতা এবং প্রতিশ্রুতি দিয়ে আমরা এই গ্রহকে রক্ষা করতে সক্ষম হব।

শাকিরুল আলম শাকিল বলেন, পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে সকলকে। কেবল সরকার বা সামাজিক সংগঠনগুলোর একক প্রচেষ্ঠায় খুব বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না। 

সংগঠনের ফাউন্ডার রিয়াজ উদ্দিন ইফান বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সব শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তন রোধে এ প্রজন্মকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব। 

মঞ্জুরি জাহানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন আবির, সানজিদা মম, মুনিয়া মিমসহ অনেকে। 

ইত্তেফাক/এসএএস