কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যা মোকাবেলায় কর্তৃপক্ষের ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ এবং জবাবদিহিতার আহ্বান জানাতে স্পেনের ভ্যালেন্সিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) রাতে ভ্যালেন্সিয়া সিটি হলের সামনে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের।
ভিডিওতে দেখা গেছে, আঞ্চলিক সরকারের কার্যালয়ের দিকে মিছিল করা বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে লাঠিপেটা করছে। লোকজনও পুলিশকে ধাওয়া দিচ্ছে এবং হাতে থাকা প্ল্যাকার্ড দিয়ে পুলিশকে পেটাচ্ছে।
স্পেনে সম্প্রতি আকস্মিক বন্যায় সবশেষ ২১২ জনের মৃত্যুর খবর এসেছে। প্রায় ৮০ জন এখনো নিখোঁজ রয়েছে বলে মনে করা হচ্ছে। বহু বাড়িঘর ধংসের পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটিতে আঞ্চলিক সরকারগুলো প্রায়ই বেসামরিক সুরক্ষা পরিচালনায় ব্যর্থতার জন্য অভিযুক্ত হয়ে আসছে।
ভ্যালেন্সিয়ার বর্তমান আঞ্চলিক নেতা রক্ষণশীল পপুলার পার্টির কার্লোস মাজন। তার প্রশাসন নাগরিকদের বন্যা সতর্কতা জারি করতে ব্যর্থ হয়। এরপর তার পদত্যাগের দাবি জোড়ালো হয়ে ওঠে। তবে কার্লোস মাজন যুক্তি দিয়েছেন, সঙ্কটের মাত্রা অপ্রত্যাশিত ছিল। মাদ্রিদের কর্তৃপক্ষ তার প্রশাসনকে পর্যাপ্ত সহায়তা এবং সময়মতো অবহিত করতে ব্যর্থ হয়েছিল।
কিন্তু স্পেনের আবহাওয়া সংস্থা অনেকটা আগেই খারাপ আবহাওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল। মাজন প্রশাসনের 'উদাসিনতার ফলেই' শহরের বাসিন্দাদের সেলফোনে সতর্কতা পাঠাতে এর চেয়েও ১২ ঘণ্টার বেশি সময় দেরি হয়ে যায়।
সেই সঙ্গে দুর্যোগকালীন সময়ে কর্তৃপক্ষের ধীরগতি ও 'অসংগঠিত সাড়া দেওয়ার' কারণে আঞ্চলিক নেতা তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছেন।
ভ্যালেন্সিয়ার দক্ষিণ উপকণ্ঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরাই প্রথম লোকজনকে সাহায্য করে। বন্যার্তদের সহায়তার জন্য পাঠানো হাজার হাজার পুলিশ বাহিনী ও সৈন্যদের পুরোপুরি একত্রিত করতেই সরকারের কয়েক দিন সময় লেগে যায়।
বিক্ষোভকারীদের কেউ কেউ প্রতিবাদী ব্যানারে লিখেছে, 'তোমরা আমাদের হত্যা করেছ!'
অনেকেই মাজনের পদত্যাগের জন্য স্লোগান দেয় এবং কেউ কেউ তাদের ক্ষোভ দেখানোর জন্য কাউন্সিল ভবনের বাইরে কাদাযুক্ত বুট রেখে যায়।
আকিও কালচারাল ডেল পাইস ভ্যালেন্সিয়ানোর প্রেসিডেন্ট আনা অলিভার বলেন, এই দুর্যোগে দুর্বল ব্যবস্থাপনার জন্য আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করতে এসেছি।
এই সপ্তাহের শুরুতেও ভ্যালেন্সিয়াতে বিক্ষোভ হয়েছিল। রাজা ফেলিপে এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শহরের একটি শহরতলি পরিদর্শন করার সময় লোকেরা কাদা ছুঁড়ে মারে এবং 'খুনি' 'খুনি' বলে স্লোগান দেয়।
