বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বাপি)।
বাপি’র পক্ষ থেকে আহতদের চিকিৎসার্থে রাজধানীর সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় ঔষধ, চিকিৎসা সামগ্রী, পথ্য, ফল, নগদ অর্থ, বেসরকারি হাসপাতালে আহত ও অসচ্ছল রোগীদের চিকিৎসা খরচ, রোগী বহনে এ্যাম্বুলেন্স সহায়তা, মৃতদের লাশ পরিবারের কাছে পৌঁছে দেওয়া ও দাফনের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শে একজন মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণে বিমানের ভাড়া পরিশোধ করেছে।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি) সভাপতি আবদুল মুক্তাদির এবং সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান বলেন, এ সংগঠনের জন্মলগ্ন থেকে দেশ ও মানুষের কল্যাণে আত্মমানবতার সেবায় নিরন্তর কাজ করে আসছে।
তারা জানান, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ছাড়াও সম্প্রতি ফেনীসহ দেশের কয়েকটি জেলায় স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্রদের স্থাপিত ‘ত্রাণ সহায়তা কেন্দ্র’ এ ৬ ট্রাক শুকনো খাবার, জীবন রক্ষাকারী ঔষধ এবং ঐসব এলাকায় স্থাপিত মেডিকেল টিমের মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেছে বাপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ট্রাক ঔষধ ঢাকা মেডিকেলে, ৬ ট্রাক ঔষধ সিএমএইচ-এ, সেনাবাহিনীর মাধ্যমে ৪ ট্রাক এবং সেনা কল্যাণ সংস্থার মাধ্যমে ২ ট্রাক ঔষধ সরবরাহ দেওয়া হয়। আর কিছু ঔষধ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয় সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে।
বাপি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজর জেনারেল (অব:) মো. মুস্তাফিজুর রহমান জানান, সব মিলিয়ে বাপি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করে ২ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ১৩৪ টাকা।
