শ্রীবরদীতে খালে ডুবে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৫:৩৬

শ্রীবরদীতে পানিতে ডুবে নুর ইসলাম (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরসভার পোড়াগড় খড়িকাটা খালে ফকিরের ভিটে নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম পৌরসভার পোড়াগর দক্ষিণপাড়া গ্রামের ফুন মাহমুদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, নুর ইসলাম এএসএম ইটভাটায় দিন মজুরীর কাজ করেন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে ইটভাটায় কাজের উদ্দেশ্যে রওনা হয়ে পোড়াগর খড়িকাটা খালে ফকিরের ভিটে নামকস্থানে সাতার কেটে খাল পাড় হওয়ার সময় নুর ইসলাম পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী তার লাশ খালের পানি থেকে উদ্ধার করে। 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/জেডএইচ