১। বাংলাদেশের সাথে সকল দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এদেশের তৈরি পোশাকের বাজার সারা বিশ্বে বিস্তৃত। তবে প্রয়োজনীয় মূলধন এবং প্রশিক্ষিত শ্রমিকের অভাবে আমাদের দেশ আন্তর্জাতিক বাজারে শীর্ষ স্থানীয় দেশগুলোর সাথে প্রতিযোগিতায় সমকক্ষ হতে পারছে না।
ক. সার্বভৌমত্ব কোন পরিবেশের উপাদান? ১
খ. উন্নত প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকে তৈরি পোশাকের বাজার বিস্তৃতিতে কোন পরিবেশের ভূমিকা রয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. অর্থনৈতিক পরিবেশই পারে বাংলাদেশকে শীর্ষস্থানীয় দেশের সমকক্ষ করতে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৪
উত্তর -ক:সার্বভৌমত্ব রাজনৈতিক পরিবেশের উপাদান।
উত্তর -খ: বিজ্ঞান ও কারিগরি শিক্ষা এতদসংক্রান্ত গবেষণা উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে একটা দেশের অভ্যন্তরে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
বিজ্ঞান বা সংঘবদ্ধ জ্ঞানকে ব্যবসায়িকভাবে মানুষের প্রয়োজনে ব্যবহার করার জ্ঞানকে প্রযুক্তি বলে। বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির ব্যবহার ছাড়া বাস্তবে রূপায়িত কখনো সম্ভব হতো না। যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে পণ্য উত্পাদিত হচ্ছে। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে যোগাযোগে বিপ্লব ঘটেছে। এভাবেই প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উত্তর -গ: উদ্দীপকে তৈরি পোশাকের বাজার বিস্তৃতিতে রাজনৈতিক পরিবেশের ভূমিকা রয়েছে।
সরকারের নীতিমালা রাজনৈতিক নিয়ম শৃঙ্খলা, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদির মাধ্যমে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। একটি দেশের সহনশীল রাজনীতি ব্যবসায় বাণিজ্যের উন্নতিতে ভূমিকা রাখে।
উদ্দীপকে বাংলাদেশের সাথে সকল দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এ দেশের তৈরি পোশাকের বাজার সারা বিশ্বে বিস্তৃত হচ্ছে। অর্থাত্ বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। যাকে আমরা আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে গণ্য করতে পারি। যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক পরিবেশের উপাদান। সুতরাং উদ্দীপকে তৈরি পোশাকের বাজার বিস্তৃতিতে রাজনৈতিক পরিবেশের ভূমিকা রয়েছে।
উত্তর -ঘ: অর্থনৈতিক পরিবেশই পারে বাংলাদেশকে শীর্ষ স্থানীয় দেশের সমকক্ষ করতে এ উক্তিটির সাথে আমি একমত পোষণ করি।
জনগণের আয় ও সঞ্চয় অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে সমাজে যত বেশি এই সব উপাদান রয়েছে সে সমাজ অর্থনীতিতে ততবেশি উন্নত হচ্ছে। সিঙ্গাপুর আজকে এই পরিবেশের কারণেই এতদূর অগ্রসর হতে পেরেছে।
উদ্দীপকে বাংলাদেশ প্রয়োজনীয় মূলধন ও প্রশিক্ষিত শ্রমিকের অভাবে আন্তর্জাতিক বাজারে শীর্ষ স্থানীয় দেশগুলোর সাথে প্রতিযোগিতায় সমকক্ষ হতে পারছে না। তবে বাংলাদেশে যদি পর্যাপ্ত মূলধন এবং দক্ষ জনশক্তি থাকতো তাহলে ব্যবসায়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে দক্ষ শ্রমিকগণ অধিক কাজ করতে পারতো।
তাই বলা যায় অর্থনৈতিক পরিবেশই পারে বাংলাদেশকে শীর্ষস্থানীয় দেশের সমকক্ষ করতে এবং তা অবশ্যই যুক্তিযুক্ত।
