ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় দুই নেতাসহ চার সক্রিয় হেভিওয়েট প্রার্থীর কেউই দলের মনোনয়নপত্র পাননি। এই পাঁচ হেভিওয়েট মনোনয়ন বঞ্চিত সক্রিয় প্রার্থীরা হলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির দুই সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী ও মুক্তিযোদ্ধা সংগঠক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন বেঙ্গল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মোঃ ইউনুছ ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা সাবেক টেক্সসেস বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আব্বাছ উদ্দীন। ফরিদগঞ্জে দলের স্বার্থে সক্রিয় থেকেও মনোনয়নের গণনা থেকে বাদ পড়ায় হতবাক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তবে দলের মনোনয়নপত্র না পেলেও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
গোটা উপজেলায় পারিবারিক অভিভাবকের ন্যায় দায়িত্ব পালন করেছেন সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। বিএনপির দুঃসময়ে যিনি নেতা-কর্মীদের নিজ সন্তানের ন্যায় সজাগ দৃষ্টিতে রেখেছেন তার মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না দলীয় নেতাকর্মীরা। দলীয় সিদ্ধান্তের কারণে ক্ষুব্ধ নেতা-কর্মীরা কঠিন কোনো কর্মসূচি পালন না করলেও এর রেশ নির্বাচনের ফলাফলে পড়বে বলে মন্তব্য নেতাকর্মীদের। এ আসনে বিএনপি থেকে তিনজন দলের মনোনয়নপত্র হাতে পেয়েছেন। তারা হলেন, শিল্পপতি এম এ হান্নান, রিয়াজ উদ্দীন নসু ও কাজী রফিকুল ইসলাম।
