ঝিনাইদহে টায়ার মেরামতের দোকানের বয়লার বিস্ফোরণে সাব্বির হোসেন (৩০) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে শহরের হামদহ এলাকার রিপন দাসের টায়ার মেরামতের দোকানে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হামদহ এলাকার রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন মিস্ত্রি সাব্বির হোসেন। হঠাৎ করেই টায়ার হিট দেওয়া বয়লার মেশিনের বিস্ফোরণ ঘটে। এতে দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় দোকানের মালিকও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত সাব্বির হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।
