মাগুরায় প্রাইভেট কার উলটে স্বামী-স্ত্রী, কালিয়াকৈরে ট্রাক চাপায় গ্রাম্য চিকিত্সক ও দশমিনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত হয়েছে। এসব ঘটনায় আরো তিন জন আহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
মাগুরা:মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার সীতারামপুর এলাকায় শনিবার বিকালে প্রাইভেটকার উলটে মহসিন সর্দার (৫০) নামে যশোরের এক বই ব্যবসায়ী ও তার স্ত্রী রীনা বেগম (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ঐ দম্পতির মেয়ে মাহিমা তাসমিন (১৬) ও ভাতিজা হাসান ইমাম (১৪)। তাদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। হতাহতদের বাড়ি যশোরের কাজি পাড়ায়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিকাল ৫টার দিকে নিজস্ব প্রাইভেটকারে যশোরের জনতা লাইব্রেরির মালিক মহসিন সর্দার অন্যদের নিয়ে পারিবারিক প্রয়োজনে যশোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। মহসিন সর্দার কারটি নিজেই চালাচ্ছিলেন। কারটি মাগুরা শহরের কাছিকাছি সীতারামপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এ সময় মহসিন সর্দার ও তার স্ত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হয় ঐ দম্পতির মেয়ে মাহিমা তাসমিন ও ভাতিজা হাসান ইমাম। নিহতদের মরদেহ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে। আহতরা শংকামুক্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন।
কালিয়াকৈর (গাজীপুর) :গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শনিবার দুপুরে ট্রাকচাপায় মহিউদ্দিন (৩২) নামে এক গ্রাম্য চিকিত্সক নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকার মো. নূর ইসলামের ছেলে। জানা যায়, ঐ দিন দুপুরে তিনি উপজেলার সফিপুর বাজার থেকে ভাড়া করা মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ট্রাকের চালককে আটক করতে পারেনি।
দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মো. মোতালেব (১৬) নামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মো. আরিফ (১৬) নামে এক মোটরসাইকেল যাত্রী আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গয়নারঘাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আলীপুর ইউনিয়নের রমানাথসেন গ্রামের মো. মোশারেফ হাওলাদারের ছেলে ও একই ইউনিয়নের আলীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
