মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন অফিস প্রধান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়াও সকাল ৮টায় খাবার বিতরণ, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ, মওলানা ভাসানী ফাউন্ডেশন, ভাসানী পাঠচক্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে মাওলানা ভাসানী ফাউন্ডেশন কর্তৃক সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ চলছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসস্থ বিজয়াঙ্গণে মওলানা ভাসানীর ওপর আলোকচিত্র প্রদর্শনীও চলছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৬ ও ১৩ নভেম্বর ‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মওলানা ভাসানী’ ও ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
