তথ্যপ্রযুক্তি খাতে বিজ্ঞানের অন্যতম বিস্ময়কর আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে শুধু কথোপকথনই নয়, এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। এখন আমরা এমন একটি সময় পার করছি যখন মোবাইল ফোন ছাড়া আমাদের চলছেই না। এই মোবাইল ফোন যেমন আমাদের জন্য যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে, তেমনি এর ক্ষতিকর প্রভাবও কোনোভাবেই অস্বীকার করা যায় না। মোবাইল ফোনের যথেচ্ছ ব্যবহারে অপরাধপ্রবণতা বাড়ছে। শিশু-কিশোরদের অপরাধ-কর্মের পেছনে কোনো না কোনোভাবে মোবাইল ফোন ভূমিকা রাখছে। অভিভাবকরাও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। স্কুল পর্যায়ের ছেলেমেয়েদের কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। বিশেষ করে তারা যাতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। আমার প্রস্তাব হলো, ১৮ বছর বয়স হওয়ার আগে কারো হাতে মোবাইল ফোন দেওয়া উচিত নয়। বিশেষ করে ইন্টারনেটযুক্ত মোবাইল ফোন কোনোভাবেই কম বয়সী ছেলেমেয়েদের হাতে তুলে দেবেন না। এ ব্যাপারে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি।
এম এ খালেক
৩৯৪/৩ মধুবাগ, মগবাজার, ঢাকা ১২১৭
