পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার জানিয়েছেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাক্ষীরা যেন কোনো হুমকি বা চাপের মুখে না পড়ে সে ব্যাপারে পুলিশের বাড়তি সতর্ক দৃষ্টি আছে। গতকাল শনিবার দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ছায়া সংসদ বিতর্ক’ প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
পিবিআই প্রধান বলেন, নুসরাত হত্যা মামলার মোট ৯২ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আমরা খুবই সজাগ, পিবিআই, পুলিশ সদর দফতর, জেলা পুলিশ সুপার যাতে এখানে ভয়ভীতি দেখিয়ে কোনো প্রকার সাক্ষ্য নড়চড় করা না যায়, আমরা সেটি মনিটরিং করছি।
নুসরাত হত্যার বিচার সুষ্ঠু ও দ্রুত সম্পন্ন হবে এ আশাবাদ ব্যক্ত করে বনজ কুমার মজুমদার আরো বলেন, আমাদের ভাগ্য ভালো যে, এখানে পাবলিক প্রসিকিউটরের বাইরেও নুসরাত জাহান রাফির মামলার পক্ষে তার ভাই একজন সলিসিটর নিয়োগ করেছেন।
‘সাহসিকতা নুসরাত, তুমিই যুক্তি, তুমিই প্রতিবাদ’ স্লোগানে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কের মূল বিষয় ছিল ‘নারী নিপীড়ন প্রতিরোধে মূল্যবোধের চর্চা।’
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এতে অংশ নেয় সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। বিরোধী দল হিসেবে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার শিক্ষার্থীরা।
