ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে তরুণ চিত্রশিল্পীদের জলরঙের যৌথ প্রদর্শনী ‘জলরূপ’ শেষ হচ্ছে আজ রবিবার। গত ৮ জুলাই এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিত্ রায় চৌধুরী ও ভাস্কর হামিদুজ্জামান খান।
বাংলার নিসর্গ ও ঢাকা শহরের দৃশ্য ছাড়াও এ প্রদর্শনীতে শিল্পীদের জলরঙের তুলিতে উঠে এসেছে মানুষের জীবনের দৈনন্দিন চালচিত্র। সংস্কৃতির সঙ্গে একাত্মতা ও সামাজিক মঙ্গল কামনা করে প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারী শিল্পীরা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন—স্বপন মজুমদার কিশোর, আরিফুল ইসলাম, ইসকান্দার মির্জা, হামীম উল জিহাদ সজল, জি এম আজম, মো. জিয়াউর রহমান জয়, ফাতেমা রিফাত, ইসরাত জেবীন এবং আব্দুল হালিম। — প্রেস বিজ্ঞপ্তি
