সুজানগরে চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৩

পাঁচটি মোটরসাইকেল উদ্ধার

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাইচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মোটরসাইকেল চোরাইচক্রের সদস্যরা হলো উপজেলার চরদুলাই গ্রামের বাবুল শেখের ছেলে জুয়েল হোসেন, সাঁথিয়া উপজেলার এদরাপপুর গ্রামের ইয়াছীন আলী খানের ছেলে সাগর খান ও কাবারীকোলা গ্রামের কাজেম শেখের ছেলে সাগর শেখ।

সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরদুলাই বাজার এলাকা থেকে প্রথমে উক্ত জুয়েলকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে এসআই অর্জুন কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেলসহ সাগর খান ও সাগর শেখকে গ্রেফতার করে।

সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, ইতিপূর্বে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাইচক্রের হোতা উপজেলার চরসুজানগর গ্রামের শামীম বিশ্বাসসহ আরো তিন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঐদিন আন্তঃজেলা মোটরসাইকেল চোরাইচক্রের ঐ তিন সদস্যকে গ্রেফতার এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের কোর্টে সোপর্দ করেছে।