নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের নায়েকপুর পূর্বপাড়া গ্রামে গত শুক্রবার দুপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশু শ্রেণির ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে, উপজেলার নায়েকপুর পূর্বপাড়া গ্রামের মুখলেছুর রহমান খানের মেয়ে সুইটি আক্তার খানম (৬) ও তারই প্রতিবেশী মজিবুর রহমানের মেয়ে রাফিয়া আক্তার (৫)।
মদন থানার অফিসার ইনচার্জ রমিজুল হক জানান, শুক্রবার বেলা দেড়টায় অন্যান্য শিশুদের নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে বাড়ির সামনে খেলা করছিল। বেলা ২টায় খেলা শেষে বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে দুই শিশু শ্রেণির শিক্ষার্থী হঠাত্ পানিতে তলিয়ে যায়। অন্য শিশুরা দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। বাড়ির লোকজন ডোবার পানিতে তল্লাশি চালিয়ে বেলা আড়াইটায় প্রথমে সুইটি ও পরে রাফিয়ার লাশ উদ্ধার করে।
শ্রীবরদীতে ইটভাটা
শ্রমিকের মৃত্যু
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা জানান, শ্রীবরদীতে পানিতে ডুবে নুর ইসলাম (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরসভার পোড়াগড় খড়িকাটা খালে ফকিরের ভিটে নামক স্থানে ঐ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম পৌরসভার পোড়াগড় দক্ষিণপাড়া গ্রামের ফুন মাহমুদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, নুর ইসলাম এ এস এম ইটভাটায় দিনমজুরির কাজ করে। নূর ইসলাম ও আ.কুদ্দুছ প্রতিদিনের মতো শনিবার সকালে ইটভাটায় কাজের উদ্দেশ্যে রওনা হয়ে পোড়াগড় খড়িকাটা খালে ফকিরের ভিটে নামক স্থানে সাঁতার কেটে খাল পার হওয়ার সময় নুর ইসলাম পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী তার লাশ খালের পানি থেকে উদ্ধার করে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
