হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
হাটহাজারীতে বালতির পানিতে মাথা ডুবে আয়েশা আক্তার নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার হাটহাজারী সদরের কামল পাড়ায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, নিহত শিশু আয়েশা ঐ এলাকার অটোরিকশা চালক তৌহিদুল ইসলামের মেয়ে। দুই ভাই এক বোনের মধ্যে নিহত আয়েশা ছিল সবার ছোটো। ঘটনার দিন অটোরিকশা চালক তোহিদুলের ঘরের সামনে বৃষ্টির পানি নেওয়ার জন্য বালতি বসানো ছিল। এদিকে শিশু আয়েশা খেলতে খেলতে সবার অজান্তে পানি জমানো সেই বালতিতে গিয়ে পড়ে। এক সময় পরিবারের সদস্যরা শিশু আয়েশাকে ঘরে না পেয়ে খোঁজতে বের হয়ে পানির বালতিতে মাথা ডুবানো অবস্থায় দেখতে পায়। পরিবারের সদস্যরা শিশু আয়েশাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন নিহত শিশু আয়েশার পিতা তৌহিদুল। পাশের স্থানীয় বাসিন্দা মো. আনিস জানান, একমাত্র মেয়েকে হারিয়ে বাবা-মার কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
