নালিতাবাড়ীতে বিনা দোষে কারাগারে!

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ী উপজেলার নিভৃতপল্লির এক যুবক আইজুল রহমান উরফে হাবির নামের সাথে আংশিক মিল থাকায় বড় ভাইয়ের পরিবর্তে ছোট ভাইকে বিনাদোষে গ্রেপ্তার করা হয়েছে। হাবি ১৪ দিন ধরে কারাগারে রয়েছে। দুবাই প্রবাসী বড় ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ওই মামলায় ছোট ভাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, উপজেলার গারোপাহাড়ের নিভৃতপল্লী বুরুঙ্গা কালাপানি গ্রামের মৃত উসমান আলীর ছেলে হাবিবুর রহমান ঢাকাস্থ পল্টন থানার একটি মানব পাচার মামলার আসামি। বর্তমানে হাবিবুর রহমান শ্রমিক হিসেবে দুবাইয়ে বসবাস করছে। সম্প্রতি আদালত হাবিবুর রহমানের বিরুদ্ধে মানব পাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিষয়টি জেলা পুলিশ কার্যালয়ের মাধ্যমে নালিতাবাড়ী থানায় আসে। ২১ নভেম্বর বুধবার দিবাগত ভোররাতে পুলিশ বুরুঙ্গা গ্রামে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করতে তার বাড়ি যায়। এ সময় হাবিবুর বাড়িতে না থাকায় তার ছোট ভাই আইজুল রহমান হাবিকে (২০) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় পরিবারের লোকজন আইজুল রহমান হাবি আর হাবিবুর রহমান নয় বলে উল্লেখ করলেও পুলিশ তা ভ্রূক্ষেপ করেনি। পরদিন ২২ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

নালিতাবাড়ী থানার এসআই বকুল সাহা জানান, নামের সঙ্গে সামঞ্জস্য থাকায় এবং পারোয়ানা বুঝা না যাওয়ায় এমন হয়েছে। ছোট ভাইকে গ্রেপ্তারের পর প্রকৃত আসামি বড় ভাই হাবিবুর রহমান দুবাই থেকে ফোন করে তাকে গ্রেপ্তার করতে চ্যালেঞ্জ করেছে বলেও জানান এসআই।