রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলা-আগুন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৩০

রাজশাহীতে দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবিতে আলেম ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে সোমবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে কুমারপাড়াস্থ বোয়ালিয়া মডেল থানার মোড়ের অই কার্যালয়ে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথম আলোর কার্যালয়ের সামনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এ সময় তারা অফিসের সাইনবোর্ড খুলে নিয়ে আগুন ধরিয়ে দেন। পরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। এ সময় ‘প্রথম আলো, দিল্লি স্টার’ এই মুহূর্তে বাংলা ছাড়, ‘বয়কট, বয়কট প্রথম আলো বয়কট, ডেইলি স্টার বয়কট, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।

জানা গেছে, ঢাকায় প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এদিন দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনের আয়োজন করে আলেম-ওলামারা। মানববন্ধন শেষে তারা রাজশাহীস্থ প্রথম আলোর কার্যালয় ঘেরাও করে। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর আলুপট্টি মোড়ে সমবেত হয়ে বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ উল্লেখ করেন।

তারা বলেন, প্রথম আলো আর ডেইলি স্টারের কার্যক্রম বাংলার মাটি থেকে পুরোদমে বন্ধ করে দিতে হবে। ভারতের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে এমন কোনো মাধ্যম, এমন কোনো সংস্থা রাখা হবে না। 

এ সময় ঢাকায় জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান বক্তারা। তারা আরও বলেন, আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অনতিলম্বে ছেড়ে দিতে হবে। যদি তা নাহয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, এখন পর্যন্ত মোখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/জেডএইচডি