বরগুনা-১ আসনে শম্ভুই ভরসা তৃণমূলের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

আব্দুল আলীম হিমু, বরগুনা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী, তালতলী) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ওপরই ভরসা রাখতে চান এ আসনের তৃণমূল আওয়ামী লীগ ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের দাবি, বিএনপিসহ ঐক্যফ্রন্ট যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে, সেহেতু এবারের নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই এ আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে সিনিয়র পার্লামেন্টারিয়ান ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিকল্প নেই। সে কারণেই গত ১৯ নভেম্বর বরগুনা-১ আসনে আওয়ামী লীগের ২৯ জন মনোনয়ন প্রত্যাশী শম্ভুকে সমর্থন জানিয়ে দলীয় নেত্রীর কাছে মনোনয়ন ফরম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।

আমতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান বলেন, বরগুনায় আমাদের রাজনৈতিক অভিভাবক হচ্ছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আমরা জনপ্রতিনিধিরা মনেকরি তাঁর প্রতি তৃণমূল মানুষের যে আন্তরিকতা এবং ভালবাসা রয়েছে, তাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।

আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান বলেন, আমতলী উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীরা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে সমর্থন জানিয়েছি। আমাদের দাবি, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখার স্বার্থে এ আসনে শম্ভুকেই চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দিবেন।

বরগুনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহাদাত হোসেন বলেন, বরগুনার উল্লেখযোগ্য উন্নয়ন ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাত ধরেই হয়েছে। তাই বরগুনার উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষ পুনরায় তাকেই নির্বাচিত করবেন।

বরগুনা-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরকে মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।