চিত্রনায়ক ২০১৯

এ সময়ে রাজত্ব করছেন যাঁরা

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৮

ঢাকাই সিনেমায় নায়ক সঙ্কটের বিষয়টি বিভিন্ন সময় উঠে আসে। কিন্তু যাঁরা এখন নিয়মিত কাজ করছেন তাঁদের নিয়ে নতুন করে ভাবা হচ্ছে না সেভাবে। আর যাঁরা নিয়মিত কাজের মাধ্যমে আলোচনায় আসছেন তাঁদের সংখ্যাটাও ছোট এই ইন্ডাস্ট্রিতে কম নয়। আর এই সময়ে এসে বেশ কয়েকজন নায়ক নিয়মিত কাজ করছেন। কাজের মাঝেও রয়েছে বৈচিত্র্যতা ও প্রতিযোগিতা। এখনকার ইন্ডাস্ট্রির কয়েকজন ব্যস্ত ও আলোচিত নায়ককে নিয়ে এই প্রতিবেদন। লিখেছেন মোস্তাফিজ মিঠু

শাকিব খান

এদেশের মূলধারার চলচ্চিত্রের খুটি ধরে রেখেছেন শাকিব খান। বিভিন্ন সময় বিতর্কের মধ্য দিয়ে তাঁকে যেতে হলেও সবকিছু পেরিয়ে নিজের পেশাদারিত্বের জায়গায় ছিলেন অটল। সময়ের সাথে নিজেকে সার্বিকভাবে পরিণত করেছেন তিনি। শুধু তাই নয়, এখন শুরু করেছেন নিয়মিত প্রযোজনা। তর্ক-বিতর্ক যাই থাকুক না কেন, ঢাকাই সিনেমার অন্যতম ভরসার জায়গা এখন তিনি। যৌথ প্রযোজনায় অভিনয়ের পর যেন সেই আস্থার জায়গাটা বেড়েছে অনেকগুণ। কারণ শাকিবের লুক থেকে শুরু করে তাঁর সিনেমা নির্বাচন সবকিছুতেই এসেছে পরিবর্তন। গত রোজার ঈদে মুক্তি পায় শাকিবের প্রযোজনায় ‘পাসওয়ার্ড’। নকলের বিতর্ক থাকলেও ব্যবসাসফল সিনেমা এটি। তাই দিনশেষে দর্শকরা যেমন বিনোদন নিয়ে হল থেকে ফিরেছেন তেমনি হল মালিকদের মুখেও হাসি। সামনে কোরবানির ঈদেও মুক্তি পাবে শাকিবের প্রযোজনায় সিনেমা। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু জানা যায়নি।

 

আরিফিন শুভ

‘ঢাকা অ্যাটাক’-এর পর থেকে ক্যারিয়ার নতুন দিকে মোড় নেয় আরিফিন শুভর। এরপর দেশে ও কলকাতায় দুটি সিনেমায় টলিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বেশ আলোচনায় চলে আসেন তিনি। বলা যায়, শুভর ক্যারিয়ারে পরিণত সময়টা চলছে এখন। তবে সিনেমা মুক্তির ধারাবাহিকতা এখন পর্যন্ত তাঁর না থাকলেও কাজের বিষয়ে বেশ সচেতন দেখা যায় তাঁকে।

বাপ্পী চৌধুরী

ঢাকাই সিনেমায় একবারে নতুন মুখ হয়ে যাত্রা শুরু করেন বাপ্পী চৌধুরী। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্যারিয়ার শুরু হয় তাঁর। পরবর্তীতে জাজ থেকে বের হয়ে নিজের ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো এককভাবেই নেন তিনি। নির্দিষ্ট গণ্ডি থেকে বের হয়ে ক্যারিয়ারে এগিয়ে যাওয়াটা যে চ্যালেঞ্জের বিষয় তা গ্রহণ করেছেন বাপ্পী এবং সেই হিসেবে সফল তিনি। খুব বেশি সিনেমা মুক্তি না পেলেও প্রতিবছর তাঁর সিনেমা মুক্তির ধারাবাহিকতা রয়েছে। সময়র সথে পাল্টেছেন নিজেকেও। লুক পরিবর্তন থেকে শুরু করে কাজের ক্ষেত্রেও বেড়েছে সচেতনতা। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ সিনেমা নিয়ে। সংশ্লিষ্ট অনেকেই বলছেন, এটিই হবে বাপ্পীর ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা সিনেমা। কারণ এর আগে আরিফিন শুভর ক্যারিয়ারের নতুন টার্নিং পয়েন্ট ছিল দীপঙ্করের ‘ঢাকা অ্যাটাক’। এবার বাপ্পীর ক্যারিয়ার কতটুকু পরিবর্তন করবে এই সিনেমাটি তা এখন অপেক্ষা।

 

সিয়াম আহমেদ

একজন ভাগ্যবান চিত্রনায়কের নাম সিয়াম আহমেদ। কারণ সিনেমায় এসেই এতটা জনপ্রিয়তা পেয়েছেন এমন উদাহরণ কম। ঠিক যেন ‘এলেন, দেখলেন, আর জয় করলেন’। মডেলিং ও নাটক দিয়ে সিয়ামের একটা নির্দিষ্ট জনপ্রিয়তা থাকলেও এই সময়ে তার চেয়ে জনপ্রিয় থাকার পরও সিনেমায় টিকতে পারেনি অনেকে। সেই জায়গা থেকে সিয়াম ঢালিউডে এখনকার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক। এখন পর্যন্ত ৩টি সিনেমা মুক্তি পেয়েছে তাঁর। প্রতিটি সিনেমাতেই নতুন এক সিয়ামকে দেখেছেন দর্শকরা। সম্প্রতি কাজ করছেন ‘শান’ শিরোনামে একটি সিনেমায়। সেখানে নতুন এক লুকে আসছেন তিনি। আর প্রতিটি সিনেমার আগে প্রস্তুতি নিয়েও সচেতন এই নায়ক।

 

নিরব

ছোটপর্দায় ক্যারিয়ারে তুমুল জনপ্রিয়তার সময়ে সিনেমায় অভিষেক হয় নিরবের। কোনো প্রযোজনা প্রতিষ্ঠানে ছায়ায় নয়, নিজের একক পরিশ্রমে সিনেমার সঙ্গে এখন পর্যন্ত রয়েছেন তিনি। নিয়মিত কাজের পাশাপাশি মালয়েশিয়া ও বলিউডের একটি সিনেমায় কাজ করেছেন তিনি। গত সপ্তাহে মুক্তি পেয়েছে নিরব হোসেনের সিনেমা ‘আব্বাস’। ঈদ পরবর্তী সময়ে সাইফ চন্দন পরিচালিত এই সিনেমাটি হলের খরা অনেকটা দূর করেছে। সেইসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, নিরবের ক্যারিয়ারের সিগনেচার সিনেমাটি এটি।

 

ইমন

ঢালিউডে ইমন ও নিরবের পথচলার শুরুটা প্রায় একই সময়ে। সিনেমার প্রতি ভালোবাসা থেকে দীর্ঘদিন নাটক থেকেও দূরে আছেন তাঁরা। কাজের ব্যস্ততা সিনেমাকে ঘিরেই রেখেছেন ইমন। গত রোজার ঈদে শাকিবের সাথে ‘পাসওয়ার্ড’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি। একক নায়ক হিসেবে তাঁর বড় হিট সিনেমা না থাকলেও নিয়মিত সিনেমা করছেন তিনি। আর সেটিই ইন্ডাস্টিতে ভালো একটা অবস্থা তৈরি করেছে তাঁর।