বিমানবন্দনে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু আরেকজন আহত

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০০:৩২

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নূপুর (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্রাবণী (১৪) নামে অপর এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর মাথায় ২ নম্বর প্ল্যাটফর্মের ৪ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূপুর গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামের পরিতোষের মেয়ে।

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, দুই স্কুলছাত্রী হাতে বই-খাতা নিয়ে রেললাইন হেঁটে অতিক্রম করার সময় বৃষ্টির কারণে তারা আবার পেছনের দিকে আসার চেষ্টা করে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনটি তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই নূপুরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত শ্রবণীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুজনেরই বাড়ি গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামে। তারা ওই গ্রামের এক স্কুলের দশম শ্রেণির ছাত্রী। মরদেহ এখনো পুলিশ হেফাজতে রয়েছে বলেন জানান তিনি।

চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের

ছুরিকাঘাতে আহত

চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাকিউল (২২) নামে এক পোশাক কর্মী আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সাধীন রয়েছেন।  গতকাল শনিবার রাতে জামালপুর থেকে কমিউটার ট্রেনে কমলাপুর স্টেশনে আসার সময় বিমানবন্দর  স্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাকিউল জানান দুই ছিনতাইকারী তার মোবাইল ফোন, নগদ সাত হাজার টাকা নিয়ে যায় ও বাম পায়ে কয়েকটি ছুরিকাঘাত করে। তার বাবার নাম তাফর আলী।  গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর।